ধনবাড়ী সংবাদ দাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পল্লী চিকিৎসক শাহাবুদ্দিন (৫০) ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের স্বজনরা জানান, নামাজ আদায়ের জন্য স্থানীয় কেরামজানি মসজিদে গেলে একই এলাকার হাতেম আলী, তার ছেলে মামুন (২২), রাজু মিয়া (৫৫), তার ছেলে আব্দুর রহমান (১৮) এবং আরও কয়েকজন শাহাবুদ্দিনের ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেওয়ার পথে হামলাকারীরা আবারও বাধা দেয় এবং মারধরের চেষ্টা করে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
আহত শাহাবুদ্দিন জানান, হামলাকারীরা তাকে মামলা না করার জন্য প্রাণনাশের হুমকি দিয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
তার স্ত্রী চামেলী খাতুন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ ঘটনায় শুক্রবার রাতেই ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্তদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।











