মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি মো. আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রোববার (১৯ এপ্রিল) র্যাব-১৪ এর টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ১১ এপ্রিল বিকেলে ছয় বছরের শিশু ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় আব্বাস আলী তাকে জুস কিনে দেওয়ার কথা বলে বাড়ির পাশের বাজারে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফাতেমা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
পরে তাকে না পেয়ে একই দিন মধুপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের একটি ভুট্টাখেতে ফাতেমার মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
র্যাবের ভাষ্য অনুযায়ী, আসামিরা ফাতেমাকে গলায় সুতা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ গোপনের উদ্দেশ্যে তার পায়জামা ও জুতা পুড়িয়ে মুখমণ্ডল ও গলায় লাগিয়ে বিকৃত করার চেষ্টা করা হয়।
ঘটনার পর ১২ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর তদন্তের অংশ হিসেবে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তথ্য সংগ্রহ করে।
একপর্যায়ে আসামির অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল সদর উপজেলার কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে আব্বাস আলীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।











