খবর বাংলা ডেস্ক :
বগুড়ায় বিমানবন্দরের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ায় ফ্লাইং একাডেমি স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে ৭ তারিখে একটি প্রতিনিধি দল সেখানে যাবে। যাচাই শেষে খুব দ্রুত সময়ের মধ্যেই একাডেমি স্থাপনের কাজ শুরু করা হবে।
তিনি আরও জানান, নীলফামারীতেও একটি ছোট ফ্লাইং একাডেমি রয়েছে, সেটির উন্নয়নের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশে পাইলট প্রশিক্ষণ ব্যয়বহুল হলেও বর্তমানে প্রশিক্ষণপ্রাপ্ত পাইলটরা দেশে কাজ না করে বিদেশি এয়ারলাইন্সে চলে যাচ্ছেন। এ পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যেই ফ্লাইং একাডেমি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষকেও এভিয়েশন খাতে সুযোগ দিতে চায় সরকার, যাতে তারা দেশে ও বিদেশে কর্মসংস্থান করতে পারে এবং দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয়ে ভূমিকা রাখতে পারে।
প্রতিমন্ত্রী জানান, দেশের বিভিন্ন জেলায় থাকা বিমানবন্দরগুলো কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে কাজ করার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, মনপুরা দ্বীপসহ দেশের বিভিন্ন পর্যটন এলাকার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় কাজ করা হবে।
বিমানের বহর উন্নয়নের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৪টি বোয়িং বিমান কেনার চুক্তি হয়েছে এবং আরও কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











