খবর বাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ মে) রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে বৃষ্টির মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে তাদের এক বন্ধু বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।
পরবর্তীতে পুলিশ নিশ্চিত করে, তারা দুজনই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে গত ৪ মে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহও দেশে আনা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











