খবর বাংলা ডেস্ক :
বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র-সমর্থিত জাতিসংঘ প্রস্তাবকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য ও তেল পরিবহন নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
এ বিষয়ে কঠোর বার্তা দিয়েছে ইরান। তেহরান বলেছে, হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্র-সমর্থিত খসড়া প্রস্তাবের সহ-উদ্যোক্তা বা সমর্থনকারী দেশগুলো সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে দায়ী থাকবে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই হুঁশিয়ারি জানায়।
বিবৃতিতে ইরান দাবি করে, যুক্তরাষ্ট্র প্রস্তাবের সমর্থকদের তালিকা ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড ও সামরিক আগ্রাসনের পক্ষে ভুয়া আন্তর্জাতিক সমর্থনের ধারণা তৈরি করার চেষ্টা করছে।
এতে আরও বলা হয়, কোনো রাজনৈতিক অজুহাত বা কূটনৈতিক আড়াল সংশ্লিষ্ট দেশগুলোকে আন্তর্জাতিক দায় থেকে মুক্ত করতে পারবে না।
প্রস্তাবটি যুক্তরাষ্ট্র, বাহরাইন এবং অন্যান্য উপসাগরীয় দেশের সমর্থনে উত্থাপিত হয়েছে বলে জানা গেছে। এতে ইরানি হামলা বন্ধের আহ্বান জানানো হয় এবং উপসাগরীয় জলসীমায় নৌচলাচলের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দাবি করা হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











