খবরবাংলা ডেস্ক :
২০২২ কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছিল জাপানকে। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ব্রাজিলের বিপক্ষে সম্ভাব্য টাইব্রেকারের জন্য আগেভাগেই পরিকল্পনা সাজিয়েছেন জাপানের প্রধান কোচ হাজিমে মোরিয়াসু।
তিনি জানিয়েছেন, ম্যাচটি যদি টাইব্রেকারে গড়ায়, তাহলে এবার পেনাল্টি নেওয়ার ক্রম খেলোয়াড়দের ওপর ছেড়ে দেওয়া হবে না। বরং কে কোন ক্রমে শট নেবেন, তা কোচিং স্টাফই আগে থেকে নির্ধারণ করবে।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে জাপান। গত কয়েক বছরে জার্মানি, স্পেন ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে এশিয়ার দলটি। ফলে এবারও তাদের নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
জাপানের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে গত বছরের অক্টোবরে টোকিওতে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলে হারানোর স্মৃতিও। তবে সেই হারের প্রতিশোধ নিতে ব্রাজিল বাড়তি অনুপ্রেরণা নিয়েই মাঠে নামবে বলে মনে করেন মোরিয়াসু।
তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুঃসংবাদও রয়েছে জাপান শিবিরে। গ্রুপ পর্বে চোট পাওয়া উইঙ্গার তাকেফুসা কুবো ব্রাজিলের বিপক্ষে খেলতে পারবেন না।
মোরিয়াসু বলেন, ‘কুবো এখনও দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করছে না। সে আলাদাভাবে অনুশীলন করছে। ব্রাজিলের বিপক্ষে সে খেলবে না। আমরা আশা করছি, সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে।’
এছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোজুড়ে আয়োজিত বিশ্বকাপে দীর্ঘ ভ্রমণ খেলোয়াড়দের জন্য বাড়তি ক্লান্তির কারণ বলেও উল্লেখ করেন জাপানের কোচ। তিনি জানান, ব্রাজিলের তুলনায় এক দিন কম বিশ্রাম পাওয়াও দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তবুও আত্মবিশ্বাস হারাচ্ছেন না মোরিয়াসু। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা জিততে পারি। এই বিশ্বকাপে আমাদের সুযোগ আছে। অনেকেই আমাদের ডার্ক হর্স বলছেন, আর সেই মানসিকতা নিয়েই আমরা মাঠে নামব।’
তথ্য সূত্র : যমুনা টিভি











