খবরবাংলা ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতের পর শামীম হোসেন (৩৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কুতুবপুর ইউনিয়নের চিতাশাল ১ নম্বর গলির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শামীম হোসেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার রানীশাহ গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে। তার স্ত্রী ময়ূরী বেগম (৩০) একই গ্রামের জয়নাল মাদবরের মেয়ে। তাদের তিন সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে শামীম ও ময়ূরীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। বুধবার সকালে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে শামীম কিছু সময়ের জন্য বাসা থেকে বের হয়ে যান। পরে বাসায় ফিরে তিনি স্ত্রীকে ছুরিকাঘাত করেন বলে স্থানীয়দের ভাষ্য।
আহত অবস্থায় ময়ূরী বাড়ির বাইরে চলে গেলে শামীম ঘরের ভেতরে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের মরদেহ উদ্ধার করে।
পুলিশ আহত ময়ূরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের বড় ভাই মোস্তফা জানান, শামীম ও ময়ূরীর এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। ছেলে ফাহিমের বয়স ১০ বছর। দুই মেয়ে ফাতেমা ও ফিরিস্তার বয়স যথাক্রমে ৪ বছর ও ১ বছর। কী কারণে শামীম এমন ঘটনা ঘটিয়েছেন, তা তারা জানেন না বলে জানান তিনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, আহত নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি সুস্থ হলে ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।











