খবরবাংলা ডেস্ক :
দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে এখন থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এদিকে, স্বর্ণের পাশাপাশি কমানো হয়েছে রূপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেটের ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের মূল্য পরিবর্তনের ক্ষেত্রে স্থানীয় বাজারে তেজাবি বা বিশুদ্ধ স্বর্ণের দামের ওঠানামা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর আগে বিভিন্ন সময় বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম একাধিকবার সমন্বয় করেছে সংগঠনটি।
নতুন দাম কার্যকর হওয়ায় দেশের জুয়েলারি দোকানগুলোতে এখন থেকে নির্ধারিত এই মূল্যেই স্বর্ণ বিক্রি হবে। তবে অলংকারের নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি বা মেকিং চার্জ আলাদা হতে পারে।
তথ্য সূত্র : যমুনা টিভি











