খবরবাংলা ডেস্ক :
মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে প্রসিকিউশন।
সোমবার (৫ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আপিল আবেদন করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জুলাই-আগস্ট ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩০ জুন ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে তাকে জরিমানাও করা হয়।
ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে মোট আটটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তিনটি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়। পৃথক অভিযোগগুলোতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হলেও সাজাগুলো একই সঙ্গে কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়। ফলে মোট সাজা হিসেবে তাকে ১০ বছরই কারাভোগ করতে হবে।
সাজা বাড়ানোর আবেদন প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, মামলায় প্রমাণিত অপরাধের মাত্রা ও গুরুত্ব বিবেচনায় ইনুকে দেওয়া ১০ বছরের সাজা যথেষ্ট নয়। এ কারণে সাজা বাড়িয়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আপিল করা হয়েছে।
এর আগে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পরই প্রসিকিউশন জানিয়েছিল, তারা সাজা বাড়ানোর জন্য আপিল করবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী রায় প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে।
এখন প্রসিকিউশনের করা এই আপিলের পর ইনুর সাজা পরিবর্তন হবে কি না, সে বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত হবে।
তথ্য সূত্র : যমুনা টিভি











