খবরবাংলা ডেস্ক
শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নাশকতা ও অরাজকতা ঠেকাতে মাঠে দায়িত্ব পালন করছেন পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। কয়েক দিনের টানা আন্দোলনের পর শিল্পাঞ্চলগুলোতে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরতে শুরু করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে যাতে পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য শিল্পাঞ্চলজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, পোশাকশ্রমিকেরা বলছেন, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত তাঁদের বেতন-ভাতা বাড়াতে হবে।






