খবরবাংলা ডেস্ক :
যুক্তরাষ্ট্রজুড়ে টানা ৪ ঘণ্টা ২১ মিনিট বন্ধ ছিল ফ্লাইট চলাচল। পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় কারিগরি ত্রুটির কারণে শুক্রবার (১৩ নভেম্বর) এ অচলাবস্থার সৃষ্টি হয়। এতে দেশটির বিমানবন্দরগুলোতে লাখো যাত্রী ও তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয়। বিঘ্নিত হয় হাজার হাজার ফ্লাইটের সময়সূচি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, একটি যোগাযোগ ব্যবস্থার ত্রুটির কারণে দেশটির সব এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার প্রভাবিত হয়েছিল। তবে এ ঘটনার পেছনে কোনো হামলা, নাশকতা বা সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, এ অচলাবস্থার কারণে শুক্রবার ৮ হাজার ৫০০টির বেশি ফ্লাইট বিলম্বিত এবং প্রায় ৮ হাজার ফ্লাইট বাতিল করা হয়।
স্থানীয় সময় বিকেল ৩টা ৫৪ মিনিটে এফএএ প্রাথমিকভাবে ঘোষণা দেয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তর থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ থাকবে। ওই সময় ৩ হাজার ৫০০টির বেশি উড়োজাহাজ আকাশে ছিল। সেগুলোর কয়েকটি অন্য বিমানবন্দরে পাঠানো হয় এবং বাকিগুলো নির্ধারিত গন্তব্যে পৌঁছায়।
কয়েক ঘণ্টা পর সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিছু ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়। পরে স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশপথ পুনরায় খুলে দেয় এফএএ। তবে ফ্লাইট চলাচল শুরু হলেও পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্তর্জাতিক ফ্লাইটেও প্রভাব
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধের প্রভাব পড়ে আন্তর্জাতিক বিমান চলাচলেও। ইউরোকন্ট্রোলের তথ্য অনুযায়ী, এফএএর অনুরোধে ইউরোপের সদস্য রাষ্ট্রগুলো থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়।
এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দর যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের উড্ডয়ন বন্ধ রাখে। এয়ার কানাডাও যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ফ্লাইট বাতিল করে।
পুরোনো প্রযুক্তিই বিপর্যয়ের কারণ
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, এয়ার ট্রাফিক কন্ট্রোলের পুরোনো যোগাযোগ ব্যবস্থা অতিরিক্ত চাপের কারণে বিকল হয়ে পড়ে। অ্যানালগ টেলিযোগাযোগ ব্যবস্থার সুইচ ও রাউটারে অতিরিক্ত তথ্যের চাপ তৈরি হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ও রাডার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, পুরো ব্যবস্থাটির আমূল সংস্কার প্রয়োজন। এ জন্য আনুমানিক ৫০ বিলিয়ন ডলার ব্যয় হতে পারে। পুরোনো অবকাঠামো সংস্কার না করলে এ ধরনের বিপর্যয় আবারও ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। মাইক্রোসফটের সাম্প্রতিক বৈশ্বিক প্রযুক্তিগত বিভ্রাটের সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই বলে জানান তিনি।
২০২৩ সালের চেয়েও দীর্ঘ অচলাবস্থা
২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশপথে বড় ধরনের অচলাবস্থার ঘটনা এটিই দ্বিতীয় বলে উল্লেখ করা হচ্ছে।
ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের এভিয়েশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. গাই গ্র্যাটন বিবিসি ভেরিফাইকে বলেন, ৯/১১-এর পর এটিই সবচেয়ে বড় ঘটনা বলে মনে হচ্ছে, যদিও ওই হামলার ঘটনার সঙ্গে এর মাত্রাগত পার্থক্য রয়েছে।
২০২৩ সালে নোটিশ টু এয়ার মিশনস (এনওটিএএম) ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রে ১ ঘণ্টা ৫২ মিনিটের জন্য ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছিল। ওই ঘটনায় প্রায় ৯ হাজার ৫০০ ফ্লাইট বিলম্বিত এবং ১ হাজার ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছিল।
তবে এবারের অচলাবস্থা স্থায়ী হয়েছে ৪ ঘণ্টা ২১ মিনিট। অন্যদিকে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের আকাশে টানা ৪৮ ঘণ্টা কোনো বিমান চলাচল করেনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











