খবরবাংলা ডেস্ক :
আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে ’৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান সম্প্রতি গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা, হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে ধরেন। তার দাবি, এসব ঘটনার কারণে জেলাটিতে ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে।
তিনি বলেন, সহিংসতার কারণে গোপালগঞ্জের রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে। সড়কপথে যানবাহন চলাচলেও আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতে নিরাপত্তাহীনতায় ভুগছেন।
রাশেদ খানের দাবি, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) সচল রাখাও কঠিন হয়ে উঠেছে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না। ফলে স্বাভাবিক দায়িত্ব পালন করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তার ভাষ্য অনুযায়ী, থানা পুড়িয়ে দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় সমস্যায় পড়ছে।
তিনি বলেন, পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় ক্ষতিগ্রস্ত থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না। পুলিশের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় এলাকায় অপরাধ ও অপকর্মের ঝুঁকি বেড়েছে বলেও দাবি করেন তিনি।
সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে রাশেদ খান বলেন, আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিদের জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের কারণে গোপালগঞ্জে এখন ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে।
পোস্টের শেষাংশে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় বাসিন্দাদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
তার মতে, স্থানীয় জনগণ যত দ্রুত অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সংগঠিত অবস্থান নিতে পারবে, তত দ্রুত গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











