খবর বাংলা ডেস্ক :
বগুড়ার নন্দীগ্রামে নির্বাচনী সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় দুই জামায়াতে ইসলামীর নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে নন্দীগ্রাম পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন নন্দীগ্রাম পৌর জামায়াতের বায়তুলমাল সম্পাদক এটিএম মুজাহিদ এবং উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে থালতা মাঝগ্রাম ইউনিয়নের পারশুন গ্রামে নির্বাচনী সহিংসতা ঘটে। এ ঘটনায় মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা মজিদসহ কয়েকজন গুরুতর আহত হন এবং কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।
অভিযোগে বলা হয়েছে, আহত মাসুদ রানা মজিদ নন্দীগ্রাম থানায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় মুজাহিদ ও রাকিবুলকেও আসামি করা হয়। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মামলার আসামিরা দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











