মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে র্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম রফিকুল ইসলাম। সোমবার (২ মার্চ) রাতে উপজেলার আটাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪-এর টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল আটাপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় রফিকুল ইসলামকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রান্নাঘরের একটি সিমেন্টের বস্তার ভেতর লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











