খবরবাংলা ডেস্ক :
২০২৬ বিশ্বকাপের আগে লিওনেল মেসির অংশগ্রহণ নিয়ে ছিল নানা জল্পনা। শেষ পর্যন্ত তিনি বিশ্বকাপে খেলেন এবং আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা।
বিশ্বকাপ শেষে এক আবেগঘন খোলা চিঠিতে মেসি লিখেছেন, ‘ক্ষতটা গভীর, শুকাতে সময় লাগবে।’ তবে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ বা অবসর নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
মেসির নীরবতায় অনেকেই মনে করছেন, ২০২৬ বিশ্বকাপই হয়তো ছিল তার শেষ বিশ্বকাপ। বর্তমানে তার বয়স ৩৯ বছর। ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার সময় তার বয়স হবে ৪৩, যা বিবেচনায় নিয়ে অনেকে মনে করছেন, আর বিশ্বকাপের মঞ্চে তাকে দেখা যাবে না।
তবে এই ধারণার সঙ্গে একমত নন বলিভিয়ার কিংবদন্তি ফুটবলার মার্কো এচেভেরি। তিনি চান, মেসি যেন ২০৩০ বিশ্বকাপেও খেলেন। এ লক্ষ্যে বিশ্বব্যাপী গণস্বাক্ষর সংগ্রহেরও আহ্বান জানিয়েছেন তিনি।
আর্জেন্টাইন গণমাধ্যম সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এচেভেরি বলেন,
“আশা করি, সে অবসর নেবে না। তাকে অবশ্যই পরের বিশ্বকাপে থাকতে হবে।”
এবারের বিশ্বকাপে মেসির পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেন সাবেক এই বলিভিয়ান তারকা। টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা মেসিকে তিনি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন।
এচেভেরি বলেন, “আমার মতে, এবারের বিশ্বকাপ ছিল মেসির খেলা সেরা বিশ্বকাপ। অন্য সব খেলোয়াড়ের তুলনায় সে অনেক এগিয়ে ছিল।”
মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কল্পনা করতেও কষ্ট হয় বলে মন্তব্য করেন ১৯৯৪ বিশ্বকাপে বলিভিয়ার প্রতিনিধিত্ব করা এই সাবেক মিডফিল্ডার।
তার ভাষায়, “সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ করা উচিত, যেন সে অবসর না নেয়। তাকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, তা ভাবলেই অন্য রকম লাগে। আমার বিশ্বাস, সেও এখনই অবসর নিতে চায় না।”
বিশ্বকাপ শেষে মেসি এখনো আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি। ফলে ২০৩০ বিশ্বকাপে তাকে দেখা যাবে কি না, সেটি নিয়েই ফুটবলপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











