খবরবাংলা ডেস্ক :
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি হতে পারে।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। বাকি আসামিরা পলাতক।
এর আগে গত ৭ অক্টোবর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ট্রাইব্যুনালের একজন বিচারক অসুস্থ থাকায় সময় চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাঁদের আবেদন মঞ্জুর করে শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় বিচারের দাবিতে ৫ আগস্টের পর হেফাজতে ইসলামের নেতারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেন। পরে তদন্তে শাপলা চত্বরের সমাবেশকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে মোট ৫৭ জন নিহত হওয়ার তথ্য পায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তদন্তের পর ৪১ জনকে অভিযুক্ত করে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তথ্য সূত্র : যমুনা টিভি











