সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হওয়া এক নবজাতক কন্যা শিশুর বিকল্প পরিচর্যার (দত্তক) জন্য আগ্রহী ব্যক্তিদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা সমাজসেবা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগ্রহী ব্যক্তিরা আগামী ১৬ এপ্রিলের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তার বরাবর আবেদন করতে পারবেন।
রবিবার (১২ এপ্রিল) সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
এর আগে শনিবার (১১ এপ্রিল) ভোরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বারোমন্ডলের চালা এলাকায় রাস্তার পাশের ঝোপ থেকে নবজাতক কন্যা শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে শিশুর কান্নার শব্দ শুনে ঝোপের মধ্যে নবজাতকটিকে দেখতে পান এক ব্যক্তি। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটির শরীরে কোনো কাপড় ছিল না, কেবল একটি পাতলা কাঁথায় মোড়ানো ছিল।
শিশুটিকে প্রথমে সখীপুর মা ও শিশু ক্লিনিকে ভর্তি করা হয়। পরে শ্বাসকষ্ট ও ঠাণ্ডাজনিত সমস্যার কারণে উন্নত চিকিৎসার জন্য মির্জাপুর কুমুদিনী হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুমুদিনী হাসপাতালের উপ-পরিচালক অনিমেষ ভৌমিক জানান, শিশুর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বর্তমানে তাকে সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে এবং অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না।
সখীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ বলেন, শিশু আইন ২০১৩ এর ৮৪ ধারা অনুযায়ী বিকল্প পরিচর্যার জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদের আবেদনপত্রের সঙ্গে স্বঘোষিত আর্থসামাজিক মূল্যায়ন ফরম জমা দিতে হবে, যা টাঙ্গাইল জেলার সব সমাজসেবা কার্যালয়ে পাওয়া যাচ্ছে।











