সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় চাহিদামতো টাকা না দেওয়ায় নানীকে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত নাতিকে গ্রেপ্তার করেছে।
নিহত বেদেনা কোচ (৬৫) উপজেলার কালিদাস পানাউল্লাহ পাড়া এলাকার বাসিন্দা ও পরেশ চন্দ্র কোচের স্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের নাতি নয়ন কোচ (১৮) বিকেলে নানীর কাছে পাঁচ হাজার টাকা ধার চান। টাকা না দেওয়ায় তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। অভিযোগ রয়েছে, পরে রাতে বাড়িতে একা পেয়ে তিনি নানীর ওপর হামলা চালান। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে একটি দা ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
রাত সাড়ে ১১টার দিকে পরেশ চন্দ্র কোচ বাড়ি ফিরে স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে বুধবার সকাল ৮টার দিকে সীমান্তবর্তী এলাকা থেকে নয়ন কোচকে গ্রেপ্তার করা হয়। তিনি জেলখানা মোড় এলাকায় কাঠমিস্ত্রির কাজ করতেন এবং একই গ্রামের শ্যামল কোচের ছেলে।
এ বিষয়ে সখীপুর থানা-র উপপরিদর্শক মোশাররফ হোসেন চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যার দায় স্বীকার করেছেন বলে জানা গেছে। তার দাবি, নানীর সঙ্গে পারিবারিক বিরোধ ছিল। বুধবার সকালে পরেশ চন্দ্র কোচ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এর মর্গে মরদেহ পাঠানো হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, মামলা দায়েরের আগেই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।











