খবরবাংলা ডেস্ক :
স্টাইলিশ দেখাতে সব সময় দামি বা নতুন ধারার পোশাক পরার প্রয়োজন নেই। সঠিক সাজসজ্জার অনুষঙ্গ বেছে নিলেই সাধারণ পোশাকেও আনা যায় পরিপাটি ও আকর্ষণীয় ভাব।
জাঁকজমকপূর্ণ গয়না কিংবা প্রতিটি নতুন ধারার পোশাক অনুসরণ না করে, কয়েকটি বাছাই করা অনুষঙ্গের সঠিক ব্যবহারই সাজে এনে দিতে পারে পরিমিত আভিজাত্য। জেনে নিন, সাধারণ পোশাকের সঙ্গে কোন অনুষঙ্গগুলো ব্যবহার করলে সাজ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
১. গুছানো হাতব্যাগ:
নির্দিষ্ট আকার ও পরিষ্কার নকশার একটি হাতব্যাগ সাধারণ পোশাকের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। পোশাকের সঙ্গে সহজে মানিয়ে নিতে কালো, বেজ বা বাদামি রঙের ব্যাগ বেছে নিতে পারেন।
২. নজরকাড়া কানের দুল:
সাধারণ পোশাকে আকর্ষণীয় ভাব আনতে বড় গোলাকার দুল, ঝোলানো দুল কিংবা নকশাদার কানের দুল বেশ কার্যকর। পোশাক সাধারণ হলে এমন একটি দুলই সাজের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।
৩. ক্লাসিক ঘড়ি:
অতিরিক্ত অলংকরণ ছাড়া একটি সাধারণ ও রুচিশীল ঘড়ি পুরো সাজে পরিপক্বতা এনে দেয়। অফিস, আড্ডা কিংবা আনুষ্ঠানিক আয়োজন—সব ক্ষেত্রেই এটি মানিয়ে যায়।
৪. কোমরের বেল্ট:
জামা, প্যান্ট বা ঢিলেঢালা পোশাকের সঙ্গে সঠিক বেল্ট ব্যবহার করলে কোমরের গঠন স্পষ্ট হয় এবং পোশাকে সুন্দর আকৃতি আসে। সাধারণ পোশাককে গোছানো দেখাতেও এটি বেশ কার্যকর।
৫. রোদচশমা:
মুখের আকৃতির সঙ্গে মানানসই ফ্রেমের রোদচশমা সাধারণ দৈনন্দিন সাজকেও মুহূর্তে আকর্ষণীয় করে তুলতে পারে। পোশাকের ধরন অনুযায়ী ফ্রেমের আকার ও রং বেছে নেওয়া ভালো।
৬. রেশমি স্কার্ফ:
গলায় জড়ানো, ব্যাগে বাঁধা কিংবা চুলে ব্যবহারের মাধ্যমে একটি রেশমি স্কার্ফ সাজে বৈচিত্র্য আনতে পারে। একরঙা পোশাকের সঙ্গে উজ্জ্বল রঙের স্কার্ফ বিশেষভাবে মানিয়ে যায়।
৭. চুলের সাজসজ্জার অনুষঙ্গ:
ব্যস্ত দিনে দ্রুত চুল গোছাতে ক্লিপ, মাথার ফিতা বা সাধারণ নকশার চুলের কাঁটা ব্যবহার করা যেতে পারে। এগুলো চুলের সাজকে পরিপাটি রাখার পাশাপাশি পুরো সাজে বাড়তি সৌন্দর্য যোগ করে।
৮. আংটি ও চুড়ি:
হাতে অনেক গয়না না পরেও কয়েকটি সূক্ষ্ম আংটি বা একটি সাধারণ চুড়ি সাজে প্রয়োজনীয় সৌন্দর্য যোগ করতে পারে। পরিমিত গয়না ব্যবহারে সাজ আরও রুচিশীল দেখায়।
৯. স্তর করা সরু হার:
অতিরিক্ত ভারী সাজ এড়িয়ে পরিপাটি ও আধুনিক ভাব আনতে ভিন্ন দৈর্ঘ্যের দুই-তিনটি সরু চেন একসঙ্গে পরা যেতে পারে। সাধারণ পোশাকের সঙ্গে এমন হার ব্যবহার করলে সাজে সূক্ষ্ম কিন্তু আকর্ষণীয় বৈচিত্র্য আসে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











