খবরবাংলা ডেস্ক :
সংবিধান সংশোধন না হওয়ায় বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা নিজ নিজ দলের সিদ্ধান্ত অনুসারেই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন তো সংবিধান সংশোধন হয়নি। সুতরাং বিদ্যমান সংবিধানে যা আছে, সেই অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হবে।’
তিনি বলেন, প্রায় ৩৫ বছর পর সাংবিধানিক নিয়মে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবার সরকার ও বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী রয়েছেন। এর আগে বিভিন্ন সময়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘটনাও ঘটেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক ধারায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচন হওয়াই প্রত্যাশিত। এবার সেই সুযোগ তৈরি হয়েছে এবং দেশের মানুষ এই নির্বাচন প্রত্যক্ষ করবেন। নির্বাচন সরাসরি সম্প্রচার করা হবে বলেও জানান তিনি।
তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ প্রত্যাশিত গণতান্ত্রিক চর্চা দেখতে পাবেন এবং এর মধ্য দিয়ে গণতন্ত্রের নতুনভাবে সূচনা হবে।











