খবর বাংলা ডেস্ক :
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (৬ মে) রাতে নিজ বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ একটি গাড়ি ও বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে। তবে এর পেছনে বড় কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা জানান, হামলায় ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে। তদন্তে দেখা গেছে, গাড়িটির নম্বর প্লেট ভুয়া ছিল। ব্যবহৃত নম্বরটি মূলত শিলিগুড়ির অন্য একটি গাড়ির। এছাড়া ঘটনাস্থল থেকে ব্যবহৃত গুলির খোসা ও তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম Hindustan Times–এর প্রতিবেদনে বলা হয়, রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে চন্দ্রনাথ রথ বাড়িতে ফেরার সময় আততায়ীরা তার গাড়ির গতিরোধ করে। পরে খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
হামলায় চন্দ্রনাথ রথের পাশাপাশি তার গাড়িচালক বুদ্ধদেব বেরাও গুরুতর আহত হন। হাসপাতাল সূত্র জানায়, চন্দ্রনাথকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তার শরীরে দুটি গুলি লাগে, যার একটি বুক ভেদ করে হৃদপিণ্ডে আঘাত করে। অন্য গুলিটি লাগে পেটে। আহত চালককে উন্নত চিকিৎসার জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই হত্যাকাণ্ড ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতা Arjun Singh এবং বঙ্গ বিজেপির সভাপতি Samik Bhattacharya এ ঘটনার জন্য সরাসরি তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছে All India Trinamool Congress।
তথ্য সূত্র : যমুনা টিভি











