খবর বাংলা ডেস্ক :
কিডনি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা শরীরের ছাঁকনি হিসেবে কাজ করে। রক্তে থাকা বর্জ্য ও দূষিত পদার্থ ছেঁকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় কিডনি। এমনকি ঘুমের সময়ও এই অঙ্গটি নিরবচ্ছিন্নভাবে কাজ করে শরীরের ভারসাম্য বজায় রাখে। তবে বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন জীবনের কিছু ভুল অভ্যাস, বিশেষ করে রাতে ঘুমানোর আগে কিছু কাজ, কিডনির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
রাতে অতিরিক্ত পানি পান অনেকেই ঘুমানোর আগে বেশি পানি পান করেন। শরীরের পানির ঘাটতি পূরণ জরুরি হলেও একবারে অতিরিক্ত পানি পান করলে কিডনিকে বেশি কাজ করতে হয়। এতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায় এবং রাতে বারবার ঘুম ভেঙে বাথরুমে যেতে হতে পারে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে নকচুরিয়া বলা হয়। দীর্ঘদিন এমন অভ্যাস ঘুমের ব্যাঘাত ঘটানোর পাশাপাশি কিডনির ওপরও চাপ বাড়াতে পারে।
প্রস্রাব চেপে রাখার অভ্যাস বিশেষজ্ঞদের মতে, প্রস্রাব চেপে রাখা কিডনির জন্য ক্ষতিকর একটি অভ্যাস। বিশেষ করে রাতে আলস্য বা ঠান্ডার কারণে অনেকেই বাথরুমে যেতে দেরি করেন। এতে মূত্রথলিতে চাপ তৈরি হয় এবং সংক্রমণের ঝুঁকি বাড়ে। নিয়মিত এমন হলে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন (ইউটিআই) হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যা পরবর্তীতে কিডনির জটিলতার কারণ হতে পারে।
অতিরিক্ত প্রোটিন বা ভারী খাবার খাওয়া রাতে অতিরিক্ত প্রোটিনসমৃদ্ধ বা ভারী খাবার খাওয়াও কিডনির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রোটিন হজমের সময় শরীরে ইউরিয়াসহ বিভিন্ন বর্জ্য পদার্থ তৈরি হয়, যা কিডনি প্রস্রাবের মাধ্যমে বের করে দেয়। অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিডনিকে বেশি পরিশ্রম করতে হয়। দীর্ঘদিন এমন চলতে থাকলে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ার আশঙ্কা থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, কিডনি সুস্থ রাখতে রাতের জীবনযাপনে কিছু সচেতনতা জরুরি। নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করলে দীর্ঘমেয়াদে কিডনি রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











