খবরবাংলা ডেস্ক :
আওয়ামী লীগ ও দলটির অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৩ সেপ্টেম্বর) রিটটি ‘উত্থাপিত হয়নি’ মর্মে খারিজ করা হয়।
হাইকোর্টের সংশ্লিষ্ট আইনজীবীরা আদালতে বলেন, মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন নামে যে ব্যক্তি রিটটি করেছেন, তিনি আওয়ামী লীগের কোনো সদস্য নন। ফলে তিনি এ বিষয়ে সংক্ষুব্ধ ব্যক্তিও নন। এ ছাড়া রিট আবেদনটি যথাযথ নিয়ম অনুসরণ করে করা হয়নি বলেও আদালতে যুক্তি তুলে ধরা হয়।
আদালত রিটটি সঠিকভাবে উপস্থাপন করা হয়নি মর্মে তা খারিজ করে দেন।
এর আগে আওয়ামী লীগসহ দলটির সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে মো. আল আমিন হাইকোর্টে রিটটি দায়ের করেন।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা প্রজ্ঞাপনটি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়। একই সঙ্গে রুল বিচারাধীন থাকা অবস্থায় ওই প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত রাখারও আবেদন করা হয়েছিল।
তবে শুনানি শেষে হাইকোর্ট রিটটি যথাযথভাবে উপস্থাপন করা হয়নি মর্মে খারিজ করে দেন।











