খবরবাংলা ডেস্ক :
দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সংকট ও বাড়তি দামের মধ্যে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলপিজি অপারেটররা অংশ নেবেন। চলমান সংকট ও বাজার পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।
এদিকে সাত দফা দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ ঘোষণাকে কেন্দ্র করে কোথাও কোথাও সিলিন্ডার কেনার চাপ বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারদামেও।
রাজধানীর কয়েকটি এলাকায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকা দামের চেয়ে ৩৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ পরিস্থিতিতে সরকার ও এলপিজি অপারেটরদের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে সংকট মোকাবিলা, সরবরাহ স্বাভাবিক রাখা এবং নির্ধারিত দামে সিলিন্ডার বিক্রির বিষয়ে কী সিদ্ধান্ত আসে, তা জানতে অপেক্ষা করছেন ভোক্তারা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











