খবর বাংলা ডেস্ক :
চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরি করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তালিকা প্রস্তুত শেষে চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থাটি।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এম জেড এম ইন্তেখাব চৌধুরী, র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় একটি ‘নিরপেক্ষ’ তালিকা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। র্যাবের ১৫টি ব্যাটালিয়ন মাঠ পর্যায়ে কাজ করছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকাভুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না।
র্যাব জানায়, চাঁদাবাজি শুধু একটি খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়কে পরিবহন খাতে চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ সৃষ্টি—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট থেকে বড় সব স্তরের অপরাধীদের অন্তর্ভুক্ত করা হবে।
এছাড়া অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা ভয় বা নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করেন না। সেক্ষেত্রে গোয়েন্দা তথ্য, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য যাচাই করে তালিকা প্রস্তুত করা হচ্ছে।
রাজনৈতিক সংশ্লিষ্টতা প্রসঙ্গে তিনি বলেন, তালিকা হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। যে অপরাধী, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগিরই অভিযান শুরু হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











