খবর বাংলা ডেস্ক :
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ–এর ইফতার পার্টি পরিচালনার অভিযোগে আশিক রহমান (২৮) নামে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৬ মার্চ) সকালে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে রবিবার দিবাগত রাত ২টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়নের দত্তবাড়িয়া গ্রামের আজিজুল হক মঞ্জুর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সদস্য।
পুলিশ জানায়, গত শনিবার বিকেলে আদমদীঘি উপজেলার রক্তদহ বিল এলাকার কদমা গ্রামে একটি মাছের খামারে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। ওই ইফতার পার্টির আয়োজন ও পরিচালনা করেন গ্রেপ্তার আশিক রহমান।
পুলিশ আরও জানায়, গত বছরের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিরোধ করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পিস্তল, ককটেল, পেট্রল বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। পরে হামলাকারীরা একটি মিছিল নিয়ে বিএনপি অফিসে ঢুকে ভাঙচুর চালায় এবং আসবাবপত্রে আগুন দেয়।
এ ঘটনায় ওই বছরের ২৫ আগস্ট রাতে ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, ২০২৪ সালের ৪ আগস্টের ঘটনায় দায়ের করা মামলায় আশিক রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











