টাঙ্গাইল সদর সংবাদ দাতা
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে টাঙ্গাইল সদর থানার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের শ্রী শ্রী কালিবাড়ীর নাটমন্দির প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
শ্রী শ্রী কালিবাড়ীর প্রধান উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি শ্যামল হোড়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, ওসি (তদন্ত) ভিক্টর ব্যানার্জি, টাঙ্গাইল জেলা পূজা উদ্যাপন ফ্রন্টের আহ্বায়ক অমল ব্যানার্জি, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক পিনাকী দে ও সদস্য সচিব শংকর সরকার।
এ ছাড়া বক্তব্য দেন শ্রী শ্রী কালিবাড়ীর উপদেষ্টা মনিন্দ্র মোহন ঘোষ, সহসভাপতি দুলাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক রমেশ চন্দ্র সরকার এবং শ্রী শ্রী ছোট কালিবাড়ীর সভাপতি সুভাষ চন্দ্র সরকারসহ অনেকে।
মতবিনিময় সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ সরকার। সভাটি সঞ্চালনা করেন শ্রী শ্রী কালিবাড়ীর সাংগঠনিক সম্পাদক সুমন সরকার।
সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
টাঙ্গাইল জেলা পূজা উদ্যাপন ফ্রন্ট সূত্রে জানা গেছে, এ বছর জেলায় মোট ১ হাজার ৩৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ২৩৩টি, মির্জাপুরে ২৭০টি, দেলদুয়ারে ১২৮টি, সখীপুরে ৪৪টি, কালিহাতীতে ১৮২টি, নাগরপুরে ১৩৮টি, বাসাইলে ৮১টি, ভূঞাপুরে ৩৪টি, গোপালপুরে ৫৭টি, ধনবাড়ীতে ৩৬টি, মধুপুরে ৬০টি এবং ঘাটাইলে ৯৪টি পূজামণ্ডপ রয়েছে।











