টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার বিচার ১৩ বছরেও শেষ হয়নি। দীর্ঘদিনেও মামলার বিচার শেষ না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্য এবং দলীয় নেতা-কর্মীরা। একই সঙ্গে দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ মিনার প্রাঙ্গণে রফিকুল ইসলাম ফারুকের খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘শহীদ ফারুক চেয়ারম্যান স্মৃতি সংঘ’ ও পশ্চিম টাঙ্গাইলের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, নিহত ফারুকের ছোট ভাই ও দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়াসহ পরিবারের সদস্য এবং দলীয় নেতা-কর্মীরা।
বক্তারা রফিকুল ইসলাম ফারুক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। তারা বলেন, দীর্ঘ ১৩ বছর পার হলেও মামলার বিচার শেষ না হওয়া নিহতের পরিবার ও স্বজনদের জন্য অত্যন্ত হতাশাজনক। দ্রুত বিচার শেষ করে হত্যাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান তারা।
আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
জানা যায়, রফিকুল ইসলাম ফারুক টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর সকাল সাড়ে ৬টার দিকে তিনি প্রাতর্ভ্রমণে বের হন। আকুরটাকুর বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় তাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেন। প্রথমে টাঙ্গাইল সদর থানা পুলিশ মামলাটি তদন্ত শুরু করলেও পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশকে।











