টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে মাদকাসক্তি প্রতিরোধ এবং গুজব-অপপ্রচার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার এবং মাদকবিরোধী আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার খুব দ্রুত ছড়িয়ে পড়ে, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও তথ্যনির্ভর পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক মো. আহসানুল কবির বুলবুল, জেলা আইসিটি অফিসার হারুন অর রশিদ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু এবং টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহব্বত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া, ডেপুটি সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা।











