খবরবাংলা ডেস্ক :
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করতে দেখা গেছে বিশেষ এই ‘পিংক বাস’।
বিআরটিসি সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে ১০টি বাস দিয়ে এ সেবা চালু করা হয়েছে। এর মধ্যে একটি একতলা ও নয়টি দ্বিতল বাস। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিল রুটে এসব বাস চলাচল করবে। এছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলবে।
পিংক বাসগুলো প্রতিদিন দুইটি স্লটে চলাচল করবে। সকাল ৮টা ৪০ মিনিটে নির্ধারিত স্টপেজ থেকে বাসগুলো ছেড়ে যাবে। বিকেল ৫টা ২০ মিনিটে মতিঝিল বাস ডিপো থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশে আবার যাত্রা শুরু করবে।
নারীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনায় নিয়ে চালু হওয়া এ সেবায় চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের রাখা হয়েছে। পিংক বাসের চালক রাবেয়া সুলতানা জানান, প্রথম দিন বাস চালানোর অভিজ্ঞতা তাঁর কাছে ভালোই লেগেছে।
তিনি বলেন, বাসে একজন নারী কন্ডাক্টরও ছিলেন। তবে চালক হিসেবে অভিজ্ঞতা কম থাকায় কিছুটা বেশি সময় লেগেছে। তারপরও সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলা করে কাজ চালিয়ে যেতে চান তাঁরা।
এদিকে পিংক বাসে যাতায়াত করা নারী যাত্রীরাও নতুন এই সেবা নিয়ে তাঁদের স্বস্তি ও সুবিধার কথা জানিয়েছেন। তবে কেউ কেউ বাস চলাচলের সময় ও ব্যবস্থাপনা নিয়ে কিছু অসুবিধার কথাও তুলে ধরেছেন।
বিআরটিসির নতুন এই উদ্যোগকে রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











