খবরবাংলা ডেস্ক :
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে গেছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে তেঁতুলিয়া সদর ইউনিয়নের শারিয়ালজোত সীমান্ত এলাকায় পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের শারিয়ালজোত ক্যাম্পের টহল দল তাদের আটক করে।
আটক চারজন হলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার আলীপুর লতারগাঁও এলাকার আফসার উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (২১), সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও এলাকার জাহেল মিয়ার ছেলে সাব্বির হোসেন (১৫) ও রাহান (১৩) এবং কুমিল্লার নাসিরনগর উপজেলার ব্যাংগোতা ছপ্পরতোলা এলাকার জজ মিয়ার ছেলে শিপন মিয়া (১৯)।
বিজিবি জানায়, মঙ্গলবার ভোর ৫টার দিকে শারিয়ালজোত সীমান্তে টহল দেওয়ার সময় ফরেস্ট এলাকার ভেতর দিয়ে সাতজন তরুণকে ভারতে প্রবেশের চেষ্টা করতে দেখা যায়। এ সময় বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করলে চারজনকে আটক করা সম্ভব হয়। বাকি তিনজন পালিয়ে যান।
প্রাথমিকভাবে জানা গেছে, দালালচক্রের মাধ্যমে কাজের সন্ধানে ওই তরুণরা ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন।
পরে সকালে আটক চারজনকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করে বিজিবি। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, বিজিবি চার তরুণকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হবে।
পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে চারজনকে আটক করে। এ সময় তিনজন পালিয়ে যান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











