দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রির অভিযোগে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে পাথরাইল বাজারের মুক্তা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ডিলারকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম অভিযানটি পরিচালনা করেন।
এ সময় দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুল হাসান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
কৃষকদের স্বার্থ রক্ষা ও নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।











