খবরবাংলা ডেস্ক :
দেশের ১৯টি নদীবন্দরের জন্য এক নম্বর সতর্কসংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৩ জুলাই) প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ কারণে এসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় সোমবার সন্ধ্যার পর থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
এদিকে টানা ভারি বর্ষণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে জনজীবন ব্যাহত হচ্ছে এবং অনেক সড়কে যান চলাচলে দুর্ভোগ দেখা দিয়েছে।
অন্যদিকে, চট্টগ্রামসহ পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছেন। বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রাঙামাটিতে তিনজন, বান্দরবানে ছয়জন, কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং মৌলভীবাজারে একজন রয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











