খবরবাংলা ডেস্ক :
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছে দিতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৭ সেপ্টেম্বর জারি করা এক চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ভাতাভোগীদের নিজস্ব মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব, টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবের মাধ্যমে জিটুপ (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতার অর্থ পাঠানো হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে প্রতিমাসের কিস্তির অর্থ সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে সময়মতো পৌঁছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে।
এমআইএসে তথ্য হালনাগাদের নির্দেশ নির্দেশনায় বলা হয়েছে, প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাব নম্বরসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করতে হবে। এরপর এসব তথ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।
এ ছাড়া বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু হলে অথবা অন্য কোনো কারণে তাকে প্রতিস্থাপনের প্রয়োজন দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্ভুল পে-রোল পাঠাতে হবে চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতার অর্থ নিয়মিতভাবে পাঠানোর লক্ষ্যে সংশ্লিষ্ট উপজেলা ও সমাজসেবা কার্যালয়গুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আওতায় প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে উপকারভোগীদের নিজস্ব এমএফএস, টাকাপে এবং ব্যাংক হিসাবের বিপরীতে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানো নিশ্চিত করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত চিঠিটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
ফ্যামিলি কার্ড কর্মসূচির ভাতাভোগীদের কাছে নির্ধারিত সময়ে অর্থ পৌঁছানো এবং তথ্যগত ভুলের কারণে অর্থ পাঠানোর ক্ষেত্রে জটিলতা এড়াতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











