খবরবাংলা ডেস্ক :
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের পর এবার ফিফা র্যাংকিংয়ের শীর্ষস্থানও দখল করেছে স্পেন। ফাইনালে আর্জেন্টিনাকে হারানোর পর প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে এক নম্বরে উঠে এসেছে ইউরোপের নতুন বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপজয়ী স্পেনের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৯৫.৮৮। টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে তাদের পয়েন্ট বেড়েছে ৩০.২৭।
অন্যদিকে বিশ্বকাপের রানার্সআপ আর্জেন্টিনা এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। আলবিসেলেস্তেদের রেটিং পয়েন্ট ১৯৭০.৩৭, যা আগের মতোই অপরিবর্তিত রয়েছে।
র্যাংকিংয়ের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে বিশ্বকাপের অপর দুই সেমিফাইনালিস্ট ফ্রান্স ও ইংল্যান্ড। ফ্রান্সের পয়েন্ট ১৯৪৮.৯৭, আর ইংল্যান্ডের পয়েন্ট বেড়ে হয়েছে ১৯২২.৮৩।
এদিকে পর্তুগাল দুই ধাপ পিছিয়ে যাওয়ায় লাভবান হয়েছে ব্রাজিল ও মরক্কো। ১৮০৪.৯২ পয়েন্ট নিয়ে ব্রাজিল উঠে এসেছে পঞ্চম স্থানে। আর ১৮০৩.৯৯ পয়েন্ট নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ছয়ে জায়গা করে নিয়েছে মরক্কো। পর্তুগাল এখন রয়েছে সপ্তম স্থানে।
অষ্টম স্থানে উঠে এসেছে বেলজিয়াম। ফলে নেদারল্যান্ডস এক ধাপ পিছিয়ে নেমে গেছে নবম স্থানে। অন্যদিকে চার ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে মেক্সিকো।
সর্বশেষ র্যাংকিংয়ে সবচেয়ে বড় অবনমন হয়েছে তিউনিশিয়ার। তারা ১২ ধাপ পিছিয়ে ৫৭তম স্থানে নেমে গেছে। অন্যদিকে বাংলাদেশ আগের অবস্থান ধরে রেখে ১৮১তম স্থানে রয়েছে। বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯০২.৯৩।
ফিফা র্যাংকিংয়ের শীর্ষ ১০
- স্পেন – ১৯৯৫.৮৮
- আর্জেন্টিনা – ১৯৭০.৩৭
- ফ্রান্স – ১৯৪৮.৯৭
- ইংল্যান্ড – ১৯২২.৮৩
- ব্রাজিল – ১৮০৪.৯২
- মরক্কো – ১৮০৩.৯৯
- পর্তুগাল – ১৭৮৭.৮৫
- বেলজিয়াম – ১৭৭৮.৩৬
- নেদারল্যান্ডস – ১৭৭৫.৫৪
- মেক্সিকো – ১৭৫৪.৩০











