মো: জিসান রহমান
,
মাভাবিপ্রবি প্রতিনিধি :
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইল’-এর ২০২৬-২৭ রোটারি বর্ষের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রোটারেক্টর মো. নাঈম হোসেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে রোটারেক্টর মো. শফিউল করিম খান রাজভী ও কোষাধ্যক্ষ পদে রোটারেক্টর গাজী সিয়াম উল মোস্তফা নির্বাচিত হয়েছেন।
আজ ৩ জুলাই (শুক্রবার), ২০২৬ তারিখে সকাল ১০টায় ক্লাব কক্ষে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই নেতৃত্ব নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একই সাথে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হয়। নবনির্বাচিত এই নির্বাহী সদস্যরা আগামী ২০২৬–২৭ রোটারি বর্ষে ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন।
সংগঠনটির নতুন সভাপতি রোটারেক্টর মো. নাঈম হোসেন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “রোটারেক্ট ক্লাব অব মওলানা ভাসানী টাঙ্গাইলের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আমি ক্লাবের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। রোটারি বর্ষ ২০২৬–২০২৭-এর বৈশ্বিক প্রতিপাদ্য ‘স্থায়ী প্রভাব তৈরি করুন’-কে সামনে রেখে আমরা এমন সেবামূলক উদ্যোগ গ্রহণ করতে চাই, যা সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন বয়ে আনবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক রোটারেক্টর মো. শফিউল করিম খান রাজভী বলেন, “যাঁরা আমাকে সমর্থন ও উৎসাহ দিয়েছেন, তাঁদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা। ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্য, বন্ধুত্ব ও সেবার আদর্শকে ধারণ করে আমরা একটি সফল ও কার্যকর রোটারি বর্ষ উপহার দিতে চাই।”
ক্লাব সূত্রে জানা গেছে, ২০২৬–২৭ রোটারি বর্ষের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পর্ষদ পরবর্তীতে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের যৌথ সিদ্ধান্তে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, পূর্ববর্তী ২০২৫-২৬ কমিটিতে সভাপতি ছিলেন রোটারেক্টর সাকিব হাসান খান এবং সাধারণ সম্পাদক ছিলেন রোটারেক্টর মো. নাজমুল হাসান ভূঁইয়া। তাঁদের নেতৃত্বে অর্জিত সাফল্য নতুন কমিটিও অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।











