সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার নলুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ডিএম সুপ্ত সখিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম শফির ছেলে। তিনি সখিপুর উপজেলা ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সখিপুর থানা পুলিশ। অভিযানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি ডিএম সুপ্তকে গ্রেপ্তার করা হয়।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিএম সুপ্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলার এজাহারভুক্ত আসামি। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।











