খবর বাংলা ডেস্ক :
এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় নিয়েই টুর্নামেন্ট শেষ করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা।
দলের গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড় তপু বর্মন ও রাকিব হোসেন না থাকায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বাংলাদেশ। তবে ইনজুরি কাটিয়ে ফয়সাল আহমেদ ফাহিম ও কাজেম শাহ কিরমানির দলে ফেরা নতুন করে আত্মবিশ্বাস জোগাচ্ছে কোচ হ্যাভিয়ার ক্যাবরেরাকে।
ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলের হার ভুলে দলকে নতুনভাবে প্রস্তুত করছেন স্প্যানিশ এই কোচ। তিনি জানান, সেই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্স করার লক্ষ্য তাদের।
ক্যাবরেরা বলেন, দল পুরোপুরি প্রস্তুত এবং কঠিন ম্যাচের জন্য মানসিকভাবে তৈরি। উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ইতিবাচক ফল পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অন্যদিকে, তপু ও রাকিবের অনুপস্থিতি তরুণ খেলোয়াড়দের জন্য বড় সুযোগ হিসেবেই দেখছেন কোচ। তার মতে, নতুনরা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবে এবং দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
গ্রুপ ‘সি’-তে হংকংকে টপকে দ্বিতীয় স্থানে উঠতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। সেট পিসে ভুল কমানো এবং আগের ম্যাচের ভুল শুধরে নেওয়াই এখন দলের প্রধান লক্ষ্য।
তথ্য সূত্র : যমুনা টিভি











