খবর বাংলা ডেস্ক :
গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে বিএনপি থাকবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই বিএনপিকে দমন করা যাবে না এবং গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। এ জন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তারেক রহমান।
তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ছিলেন। কোনো পরিবারের একজন সদস্য নির্যাতনের শিকার হলে, অন্য সদস্যরা প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীরা কখনো গোপন বা সুপ্ত রূপ ধারণ করে রাজনীতি করেনি। ষড়যন্ত্র করে বিএনপির কোনো ক্ষতি করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তারেক রহমান আরও বলেন, কিছু গোষ্ঠী নানা কৌশল ও অজুহাতে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এবার যদি গণতান্ত্রিক প্রতিষ্ঠান গঠনের সুযোগ হাতছাড়া হয়ে যায়, তাহলে তা শহীদদের আত্মত্যাগের প্রতি অবমাননা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের কিছু বিধিনিষেধের কারণে আগামীর বাংলাদেশ নিয়ে বিএনপির পরিকল্পনা এখনই বিস্তারিতভাবে তুলে ধরা যাচ্ছে না বলেও জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে কিছু বিতর্কিত অবস্থান নিয়েছে, তবে রাজনৈতিক দল হিসেবে বিএনপি ধৈর্য ও দায়িত্বশীলতার পরিচয় দিতে চায়।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বিভিন্ন কৌশলে একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে যেতে চায়, তবে বিএনপি সে সুযোগ দেবে না। তিনি বলেন, নির্বাচন কমিশনকে অবশ্যই সমতা নিশ্চিত করতে হবে। বিএনপির ভদ্রতা দুর্বলতা নয় এবং গণতন্ত্রের পথে যারা বাধা সৃষ্টি করতে চায়, তাদের উদ্দেশ্য সফল হবে না।
সভায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। তারা কান্নাজড়িত কণ্ঠে জানান, বাসা, অফিস কিংবা রাস্তা থেকে তাদের স্বজনদের তুলে নেওয়া হয়েছে। অনেক পরিবার এখনো জানে না, তাদের প্রিয়জনদের শেষ পরিণতি কী হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
তথ্য সূত্র : যমুনা টিভি











