অলক কুমার :
রাত পোহালেই পয়লা বৈশাখ। আর এই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আসছেন। টাঙ্গাইল থেকেই তিনি ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এই উদ্বোধন অনুষ্ঠানে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে গান পরিবেশন করবেন দেশের প্রখ্যাত ও স্বনামধন্য শিল্পীরা। প্রধানমন্ত্রী তারেক রহমান দর্শক সারিতে বসেই সেই সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে জানা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার সকাল ৮টায় সড়কপথে ঢাকা থেকে রওনা হবেন। প্রথমে সকাল ১০টায় টাঙ্গাইল শহরের সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করবেন। পরে সাড়ে ১০টায় শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর তিনি দুপুর সোয়া ১২টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। পরে সার্কিট হাউসে নামাজের বিরতি শেষে বেলা দুইটায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।
এবিষয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর তিনি কৃষকদের মাঝে কার্ড বিতরণ করবেন এবং পরে ভাষন দিবেন। তারপর সেখানে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক সারিতে বসেই উপভোগ করবেন। তিনি প্রায় ২৫ মিনিট সময় মতো সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, অনুষ্ঠানে দেশবরেণ্য ব্যান্ড মাইলস, বেবী নাজনীন, কর্নিয়া, কনা ও সুমন দাস বাউল সংগীত পরিবেশন করবেন বলে নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তিনটি ওয়ার্ডের মোট ১ হাজার ৪৭০ জন কৃষক প্রি-পাইলটিং পর্যায়ে এই কার্ড পাচ্ছেন। এর মধ্যে ১০০ জন কৃষক প্রধানমন্ত্রীর সমাবেশস্থলে উপস্থিত থাকবেন। ১৫ জন কৃষকের হাতে প্রধানমন্ত্রী সরাসরি আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড তুলে দেবেন।











