খবর বাংলা ডেস্ক :
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। বুধবার সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারের নির্ধারিত নতুন দামে এবার প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে সংগ্রহ করা হবে। এছাড়া প্রতি কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা।
সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার বিষয়ে আলোচনা চলছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাকি গম উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।
সরকারের এই সিদ্ধান্তকে কৃষক ও খাদ্য নিরাপত্তা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।\
তথ্য সূত্র : কালের কণ্ঠ











