খবরবাংলা ডেস্ক :
যুদ্ধবিরতির পর ইরানের বিভিন্ন স্থানে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ শহর ও স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস, সিরিক, কোনারাক, ইরানশার, শাবাহার ও বুশের। এছাড়া পারস্য উপসাগরের আবু মুসা, জাস্ক ও কেশম দ্বীপেও হামলা চালানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। শুধু বন্দর আব্বাসেই আটটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র শাবাহার বন্দরও হামলার শিকার হয়েছে। এতে দুটি জেটি ও একটি নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
এদিকে ইরানশার বিমানবন্দরে হামলায় এক দমকলকর্মী নিহত হয়েছেন। উত্তর-পূর্বাঞ্চলের আক্কালা শহরের একটি রেলওয়ে সেতুতেও হামলার খবর পাওয়া গেছে।
হামলার জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বাহরাইন, কুয়েত ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এরপর বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায় এবং সেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। পাশাপাশি জর্ডানের আল-আজরাক ও কুয়েতের আল-সালেম বিমানঘাঁটিও হামলার শিকার হয়েছে।
তথ্য সূত্র : যমুনা টিভি











