খবরবাংলা ডেস্ক :
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলাটির তদন্ত কর্মকর্তা নবমবারের মতো সময় পেলেন।
রোববার (৩০ আগস্ট) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে এদিন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ প্রতিবেদন দাখিল করতে পারেননি। পরে ঢাকার মহানগর হাকিম মো. জুয়েল রানার আদালত নতুন করে ২৯ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন।
এর আগে ২০২৫ সালের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। পরে আদালত মামলার এজাহার গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হকের পাশাপাশি আসামি করা হয়েছে তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।
সালমান শাহ হত্যা মামলাটি দীর্ঘদিন ধরে আলোচিত। নতুন করে দায়ের করা এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বারবার পেছানোয় মামলার অগ্রগতি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয় কি না, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।
তথ্য সূত্র : যমুনা টিভি











