মধুপুর সংবাদ দাতা
মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি ঘোষণা করে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, মাদক নির্মূলে স্থানীয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। মাদক কারবারি ও মাদকসেবীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, বিদ্যালয়ে যাতায়াতের জন্য সাইকেল এবং আয়বর্ধক কর্মকাণ্ডের জন্য সেলাই মেশিন বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, মাদকের কারণে দেশের পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই যেখানে মাদক কারবারি বা মাদকসেবীদের পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
তরুণদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে ফকির মাহবুব আনাম স্বপন বলেন, বাংলা ভাষার পাশাপাশি তরুণদের ইংরেজি, চীনা ও জাপানি ভাষা শেখার দিকে মনোযোগী হতে হবে। এসব ভাষা শেখার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে নতুন সুযোগ তৈরি হতে পারে।
তিনি জানান, তরুণদের ভাষা শিক্ষা ও সংস্কৃতিচর্চাকে এগিয়ে নিতে মধুপুরে সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কয়েক মাসের মধ্যে মধুপুরে কৃত্রিম বুদ্ধিমত্তা ও মুক্ত পেশাজীবী শিক্ষাকেন্দ্র চালুর পরিকল্পনাও রয়েছে।
মন্ত্রী বলেন, এসব উদ্যোগের মাধ্যমে মধুপুরের তরুণদের কর্মদক্ষ করে তোলার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ সৃষ্টি করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজাই প্রিন্স, সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।











