খবরবাংলা ডেস্ক :
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৫-এ বাংলাদেশ থেকে যাওয়া এক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে দেশটির কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৪ দশমিক ৭৫০ কেজি গাঁজা, ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফেটামিন এবং ৬ হাজার ২১১টি এক্সট্যাসি বড়ি।
সোমবার (২১ সেপ্টেম্বর) কুয়েতের সাধারণ কাস্টমস প্রশাসন এক বিবৃতিতে এ তথ্য জানায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশ থেকে আসা ওই যাত্রীর লাগেজে সন্দেহ হওয়ায় বিস্তারিত তল্লাশি চালানো হয়। এ সময় তিনটি ব্যাগ থেকে ৪ দশমিক ৭৫০ কেজি গাঁজা এবং ছয়টি ব্যাগ থেকে ৩১৯ দশমিক ৩ গ্রাম মেথঅ্যামফেটামিন উদ্ধার করা হয়।
এ ছাড়া আরও ৩১টি ব্যাগে পাওয়া যায় ৬ হাজার ২১১টি এক্সট্যাসি বড়ি। কুয়েতি কর্তৃপক্ষ এসব বড়িকে মনস্তাত্ত্বিক প্রভাব সৃষ্টিকারী মাদকদ্রব্য হিসেবে শ্রেণিবদ্ধ করেছে।
কাস্টমস জানিয়েছে, এ ঘটনায় জব্দের প্রতিবেদন প্রস্তুত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এরপর ওই যাত্রী ও জব্দ করা মাদকদ্রব্য মাদক নিয়ন্ত্রণ ও অ্যালকোহলবিষয়ক সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা হবে।
কুয়েতের সাধারণ কাস্টমস প্রশাসন জানিয়েছে, মাদক পাচার ঠেকাতে দেশটির সব কাস্টমস প্রবেশপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











