দেলদুয়ার সংবাদ দাতা
টাঙ্গাইলের দেলদুয়ারে অভিযান চালিয়ে ৯ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ আনোয়ার হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার ছিলিমপুর বেবী স্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে এ অভিযান পরিচালনা করে টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চালক আনোয়ার তার হেফাজতে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী সিএনজির সামনের বাম পাশে থাকা তালাবদ্ধ টুলবক্সে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৯ হাজার ৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় মাদক বিক্রির নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং ইয়াবা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে টাঙ্গাইলসহ আশপাশের এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করার কথা জানিয়েছেন বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার আনোয়ারের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাকে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব।











