মাসুদ রানা
,
বাসাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইল পৌর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় সজীব (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অনাদায়ে ২০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
শনিবার (৮ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বাসাইল পৌরসভার শহীদ মিনারসংলগ্ন ফাঁকা জায়গা থেকে তাকে আটক করা হয়।
সাজাপ্রাপ্ত সজীব বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কালা চানের ছেলে।
পুলিশ জানায়, নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার সময় বাসাইল থানা পুলিশ পৌর এলাকার শহীদ মিনার এলাকায় সজীবকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। তাৎক্ষণিকভাবে বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে মাদকসেবী সজীবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অনাদায়ে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বলেন, ভ্রাম্যমাণ আদালতের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।











