খবরবাংলা ডেস্ক :
মালয়েশিয়ায় বসবাসরত ও কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সতর্কতামূলক বিশেষ পরামর্শ দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। শনিবার হাইকমিশনের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন করণীয় ও বর্জনীয় নির্দেশনার কথা জানানো হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের মালয়েশিয়ার স্থানীয় আইন, কর্মস্থলের বিধি-বিধান, সাইবার আইন এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ মেনে দায়িত্বশীলভাবে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
হাইকমিশনের নির্দেশনায় সন্ত্রাসবাদ, উগ্রবাদ, রাজনৈতিক প্রচারণা এবং ইসরায়েল-ফিলিস্তিন বা অন্যান্য আন্তর্জাতিক সংঘাত কেন্দ্রিক উসকানিমূলক পোস্ট, লাইক বা শেয়ার করা থেকে কঠোরভাবে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া সেনসিটিভ সরকারি স্থাপনা বা বিমানবন্দরের ছবি বা ভিডিও তোলা, নিজের বা অন্যের পরিচয়পত্র ও ব্যক্তিগত তথ্য শেয়ার করা এবং ভুয়া চাকরির প্রলোভন ও অননুমোদিত অনলাইন তহবিলে অর্থ লেনদেনের ব্যাপারে সতর্ক করা হয়েছে। মালয়েশিয়ায় বৈধ কাগজপত্রবিহীন শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অভিযান ও আটকের ঘটনার প্রেক্ষাপটে হাইকমিশন থেকে এ সতর্কবার্তা জারি করা হলো।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










