খবরবাংলা ডেস্ক :
সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশ ও বক্তব্য যথাযথ গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের নোটিশ ও বক্তব্যকে গুরুত্ব দেওয়া হলে রাজপথে নামার প্রয়োজন হতো না। সংসদের ভেতরে প্রত্যাশিত গুরুত্ব না পাওয়ার কারণেই বিরোধী দলকে রাজপথে কর্মসূচিতে যেতে হয়েছে বলে দাবি করেন তিনি।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াত বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় তিনি দাবি করেন, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের মাধ্যমে সরকার জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ পেয়েছিল। কিন্তু সেই পথে অগ্রসর না হওয়ায় সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত আমির বলেন, তাদের দল সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চায় এবং বিরোধী দলের দায়িত্ব পালনের ক্ষেত্রে সংসদীয় পদ্ধতিকেই গুরুত্ব দিতে চায়। তিনি আরও বলেন, সংসদে অশোভন আচরণ না করে গঠনমূলক সমালোচনা চালিয়ে যাবে জামায়াত।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়েও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, তেলের দাম বাড়ানোর পর সরকার আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের তুলনা করছে। তবে বাংলাদেশের অর্থনীতির আকার ওই দেশগুলোর মতো নয় বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ১২ সেপ্টেম্বর বগুড়ার ধুনটে এক পথসভায় ডা. শফিকুর রহমান জানিয়েছিলেন, দেশে গ্যাস ও তেলের সংকট নিয়ে তারা সংসদে কথা বলেছেন এবং সংকট সমাধানে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
মতবিনিময় সভায় জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এ টি এম মাছুমসহ দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।











