খবরবাংলা ডেস্ক :
ন্যূনতম মজুরি নির্ধারণ ও শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধের দাবিতে পঞ্চম দিনের মতো সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকালে হেমায়েতপুরে বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য নিশ্চিত করেন।
সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেও সাভারের হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিক্ষোভ শুরু করেন একদল শ্রমিক। এ সময় পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে। পরে শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে কারখানার সামনে, ঢাকা-আরিচা মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, আনসার ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










